কবিতা : নারী দিবস
নারী দিবস *
পুলক বেরা (১৮/০৩/২৪)
নারী-দিবস এক দিবস কিন্তু বাকি সব আজ আদিখ্যেতা,
গাল-গল্প, গান, কবিতা, নাটক সবই! বাস্তবতা?
বাকি দিন যা এ দিনও একই, নারী বলে কিছু আলাদা না,
কে কি বলে তাতে কি যায় আসে, নারী জানে তার কি যাতনা।
পুরুষ শাসনে সমাজ আজও, নারী তো সেখানে কথার কথা,
যতই বলো না নারীরা এগিয়ে, নারী জানে তার পিছনে কে তা!
যুগ যুগ ধরে নারী তো পূজিত মণ্ডপে, আর বাস্তবে কি?
কে না জানে তার আসল চিত্র, সমাজ আগুনে নারী তো ঘি!
আলোতেও নারী আলো আঁধারিতে, সমাজ যেখানে শুধু আঁধার,
কি বিচিত্র তবু সমাজ আজও, নারী দিবস এক শুধু প্রচার।
সমান না হোক নারী ও পুরুষ, অসমান ভাবা বন্ধ হোক,
তাহলেই হবে এ নারী দিবস সত্যিকার ও সার্থক।
***