কবিতা: একুশ স্মরণ

একুশ স্মরণ 
পুলক বেরা (২১/০২/২৪)

আমার বয়স যখন একুশে,  
আমার স্বপ্ন যখন আকাশে, 
আমার দৃষ্টি তখনই ফ্যাকাসে,
জেনেছি যখন অমর একুশে। 

ভাষার জন্য ভাইয়ের মরণ,
দেখেনি পৃথিবী আগে তো এমন?
দেখিনি আমিও, তাই অকারণ 
ভাবি এই ভাষা সত্যি কেমন?

এ ভাষা বাংলা মায়ের ভাষা, 
এ ভাষা বাঙালি ভাইয়ের ভাষা, 
এ ভাষা আজও এমনই নেশা,
একুশ এলো কি, হারাই দিশা!

তারপর সারা বছরের ভাষা, 
খিচুড়ি সমান, মরোমরো দশা,
কোথায় কি আশা, কোথায় ভরসা,
দেবে কি একুশ তার কোনো দিশা?

এ ভাষা এমন, কি এমন ভাষা?
আছে তো এমন হাজার ভাষা, 
ভাষার জন্য জীবন পাশা,
এ কেবল একুশ সর্বনাশা!

ভাষার জন্য একুশে স্মরণ, 
যে ভাষা দিয়েছে ভাইয়ের মরণ?
কেন অকারণ, কেন অকারণ,
রাখবো মনে অশুভ এ ক্ষণ?

শুধু আস্ফালন, শুধু উৎযাপন, 
একুশ আজকে শুধু বিজ্ঞাপন, 
ভাইয়ের মরণ, ভাষারও মরণ,
ছাড়া কি আছে এ একুশ স্মরণ? 
***